আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম এনামুল হক প্রধান বলেছেন, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” শ্লোগান কোনো রাজনৈতিক দলের নয়। এটা আমাদের মুক্তিযুদ্ধের শ্লোগান, দেশের শ্লোগান। তাই বিদ্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের পরে শিক্ষার্থীদের “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” শ্লোগান শেখাতে হবে। এটা দেশাত্মবোধের শ্লোগান।
রবিবার জাতির পিতার শৈশবের বিদ্যাপীঠ গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি ভিসি আরো বলেন, আগে জাতিভিত্তিক রাষ্ট্র ছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা পরিবর্তন করে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করেন। তাই দেশে কোনো সংখ্যালঘু নেই। যারা জাতিগত সংখ্যালঘু বলেন বা ভাবেন তারা ভুল করেন। এখানে সংখ্যালঘু হলো তারাই, যারা বাংলাদেশে বাস করে শুদ্ধভাবে বাংলা বলতে পারে না। যারা শুদ্ধাচরণ করতে পারেন না তারাই সংখ্যালঘু।
তিনি বলেন, পরীক্ষায় সন্তানদের এ প্লাস পাওয়া নিয়ে মায়েদের কি যুদ্ধ আমার দেখছি। অথচ সেই এ প্লাস পাওয়া শিক্ষার্থীরা বিশুদ্ধ বাংলা বলতে পারেন না। গোল্ডেন এ প্লাস কোনো শব্দ না থাকলেও তা নিয়ে হৈচৈ শুরু হয়ে যায়। শুধু এ প্লাস পেলেই হবে না, শিক্ষার সাথে বাংলার নিজস্ব সংস্কৃতিগুলো শিক্ষকদের শেখানোর আহ্বান জানান প্রফেসর ড. এসএম এনামুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ববির উপ-পরিচালক ফয়সাল আহম্মেদ, প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন, বাংলা বিভাগের চেয়ারম্যান মহসিনা হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরিয়া উম্মে শিরিন প্রমুখ।
