১০ ঘণ্টা গ্যাসবিহীন নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ০০:৩০

গ্যাস সঞ্চালন লাইনে লিকেজ দেখা দেওয়ায় গতকাল মঙ্গলবার প্রায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল নারায়ণগঞ্জে ও মুন্সীগঞ্জে। গ্যাস না পেয়ে দিনভর ভোগান্তিতে ছিলেন দুই জেলার বাসিন্দারা। গ্যাস সরবরাহ বন্ধ ছিল শিল্প কারখানা এবং সিএনজি স্টেশনেও। ফলে স্থানীয় উত্পাদন এবং পরিবহনও স্থবির হয়ে পড়ে।

গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ-গোদনাইল আরএমএস ও গোদনাইল টিবিএসে কয়েকটি বাল্বে লিকেজ (ছিদ্র) পাওয়া যায়। এই ত্রুটি সারাতে জরুরিভিত্তিতে বাল্ব প্রতিস্থাপনের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে নির্দেশনা দেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরে মঙ্গলবার রাত ৮টার দিকে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়। তার আগে খাবার রান্না করতে না পেরে বিকল্প ব্যবস্থা হিসেবে কেরোসিন, এলপিজি, লাকড়ি কিংবা ইলেকট্রিক চুলায় রান্নার ব্যবস্থা করেন অনেকে। রান্নার ব্যবস্থা করতে না পেরে অনেক মানুষ ভিড় করেন রেস্তোরাঁয়।