স্টাফ রিপোর্টার, রাজশাহী
কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী শাহাদাত হোসেন মারা গেছেন। রবিবার ভোর সাড়ে ৫টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন থেকে তিনি এ রোগে ভুগছিলেন।
শাহাদাত হোসেন বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছিলেন। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার পানবাড়ি গ্রামের রুহুল আমিন প্রধানের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র ছিলেন।
শাহাদাতের সহপাঠী রাকিবুল হাসান বলেন, প্রায় চার বছর আগ থেকে কোষ্ঠকাঠিন্যে ভুগছিলেন তিনি। নিয়মিত চিকিত্সাও নিচ্ছিলেন। গত ৭ জানুয়ারি রামেক হাসপাতালে অপারেশনও করান। অপরশেন করার পর থেকে বিনোদপুরে বাবা-মায়ের সঙ্গে বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি; কিন্তু গত শুক্রবার হঠাত্ অসুস্থ হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
বিভাগীয় সভাপতি অধ্যাপক এম আসাদুল হক বলেন, বেশ কিছুদিন থেকে ছেলেটি অসুস্থ ছিল। অসুস্থতার কারণে আমরা বিভাগ থেকে যথাসম্ভব সুযোগ-সুবিধা দিয়েছিলাম। অপারেশন পর্যন্ত তিনি সুস্থ ছিলেন। রবিবার হাসপাতালেই শাহাদাত মারা যান।
