একশপের সাথে ধামাকা শপিংয়ের কার্যক্রম শুরু

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২০:৩৮

সহজে ও দ্রুত সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এটুআই-এর উদ্যোগে বাংলাদেশের প্রথম রুরাল এসিস্টেড ই-কামার্স প্লাটফর্ম ‘একশপ’ এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের দ্রুত বর্ধনশীল ই-কমার্স প্লাটফর্ম ধামাকা শপিং ডটকম। এখন থেকে ধামাকার প্লাটফর্মে একশপের সকাল উদ্যোক্তাদের পণ্য পাওয়ার পাশাপাশি একশপের দেশব্যাপী ছড়িয়ে থাকা এজেন্টরা ধামাকা শপিং প্লাটফর্মের মাধ্যমে সুলভ মূল্যে কেনাকাটা করতে পারবেন।

সমপ্রতি রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন ধামাকা’র চিফ বিজনেস অফিসার দিবাকর দে শুভ এবং একশপ এর টিম লিডার মো. রেজওয়ানুল হক জামি।

ইনভ্যারিয়েন্ট টেলিকমের ম্যানেজিং ডিরেক্টর মো. জসিম উদ্দিন চিশতি বলেন, জনগণের  দোড়গোড়ায় ই-কমার্স সেবা পৌঁছে দিতে এবং নতুন উদ্যোক্তা উত্সাহিত করাই একশপর এবং ধামাকা অনলাইন শপিং এর মূল উদ্দেশ্য। নতুন উদ্যোক্তা এবং গ্রাহকদের ই-কমার্সের উপর আস্থা বাড়ানোর জন্য দেশব্যাপী ধামাকা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের একমাত্র ডেডিকেটেড গ্রামীণ ই-কমার্স নেটওয়ার্ক একশপ দেশের গন্ডি পেরিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তুরস্কে পৌঁছে গেছে। এই সমঝোতার মাধ্যমে ধামাকা’র সব সেবা এখন দেশের প্রবাসী বাংলাদেশীদের কাছেও পৌঁছে যাবে একশপের মাধ্যমে।

একশপ এর টিম লিডার মো. রেজওয়ানুল হক জামি বলেন, এই সমঝোতার ফলে দেশব্যাপী এক শপের প্রায় ছয় হাজারের বেশী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রাহকগণ ধামাকা প্লাটফর্মের সেবা পেতে পারবে।