জাপানে আগাম নির্বাচন দেওয়ার ইঙ্গিত সুগার

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২০:৪৮

পদে বসার বছরপূর্তির আগেই জাপানে আগাম পার্লামেন্ট নির্বাচন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। তিনি এখন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান। এ বছরের সেপ্টেম্বরে দলের শীর্ষপদে তার চলতি মেয়াদ শেষ হবে।

তার আগেই সুগা আগাম নির্বাচন ডেকে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে জাপানি সংবাদমাধ্যম আসাহির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার গভীর রাতে টেলিভিশনের এক অনুষ্ঠানে সুগা এলডিপির নেতৃত্ব নির্বাচনের আগে ‘পার্লামেন্ট বিলুপ্তের’ সম্ভাবনা আছে বলে জানান। চলতি মাসে যুক্তরাষ্ট্রে নির্ধারিত সফর শেষে ফিরেই জাপানি প্রধানমন্ত্রী পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন ডেকে দিতে পারেন বলে বেশ কিছুদিন ধরেই জাপানের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ভাসছিল। দেশটিতে সর্বশেষ ২০১৭ সালে পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন হয়েছিল; চলতি বছরের অক্টোবরের আগে সেখানে নির্বাচনের বাধ্যবাধকতা না থাকলেও জাপানের প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় পার্লামেন্ট বিলুপ্ত করে দিয়ে আগাম নির্বাচনের ডাক দিতে পারেন।