শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় অনুমোদনহীন কার্গো জাহাজ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবিকে হত্যা হিসেবে বিবেচনায় নিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে হবে। এসকেএল-৩ কার্গো জাহাজের মালিকানার সঙ্গে জড়িতরা যত শক্তিশালীই হোক না কেন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে হবে বলে দাবি জানিয়েছে ‘নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলন’। সংগঠনের এক লিখিত বিবৃতিতে নেতৃবৃন্দ শীতলক্ষ্যায় লঞ্চডুবি তদন্ত কমিটির কাছে সাত দফা দাবি জানিয়ে আরো বলেছেন, এসকেএল-৩ কার্গো জাহাজ চলাচলের সার্ভে অনুমোদন না থাকার পরেও কীভাবে চলাচল করল তা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ কার্গো জাহাজকে কালো তালিকাভুক্ত করে ভবিষ্যতের জন্য চলাচল নিষিদ্ধ করতে হবে। সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, প্রাথমিকভাবে ভিডিওচিত্র প্রত্যক্ষদর্শীদের ধারণা থেকে জানা গেছে, একটি কার্গো জাহাজ পেছন থেকে এসে যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দিয়েছে। শীতলক্ষ্যা লঞ্চডুবিতে মারা যাওয়া প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়।