শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে হুমায়ুন কবির (১৭) নামের এক গার্মেন্টসকর্মী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকালে পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের সবুজবাগ গ্রামে এ ঘটনা ঘটে। হুমায়ুন কবির ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার দনিয়াকান্দি গ্রামের আজিজুল হকের পুত্র। সে তার পরিবারের লোকজন নিয়ে সবুজবাগ গ্রামে হাবিবুর রহমানের (হবি খলিফা) বাড়িতে থাকত এবং স্থানীয় সিআরজি টেক্সটাইল মিলে চাকরি করত। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। নিহতের মা জানান, সকালে তার ছেলেকে কারখানায় যাওয়ার জন্য ডাকাডাকি করার সময় ঘরে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পায়। শ্রীপুর থানার এস আই সাদেকুল জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
