ব্যাডমিন্টন নারী দ্বৈতের স্বর্ণ সেনাবাহিনীর

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২২:১৩

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের ব্যাডমিন্টনে নারী দ্বৈতের স্বর্ণ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল শহিদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সেনাবাহিনীর বৃষ্টি খাতুন ও ফাতেমা বেগম ২-০ (২১-১৮, ২১-১১) সেটে বাংলাদেশ আনসারের রেশমা আক্তার ও ঊর্মি আক্তারকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছেন।

প্রথমবার কোনো ইভেন্টে স্বর্ণ জয়ের প্রতিক্রিয়ায় সেনাবাহিনীর বৃষ্টি খাতুন বলেছেন, ‘আমি ২০০৯ সাল থেকে সিনিয়র পর্যায়ে খেলছি। দুইবার ফাইনাল খেললেও কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। দুইবারই শাপলা আপুর (সাবেক জাতীয় চ্যাম্পিয়ন) কাছে হেরেছি।’

বাস্কেটবলের ফাইনালে

সেনাবাহিনী-নৌবাহিনী লড়াই

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের বাস্কেটবল (পুরুষ) ইভেন্টের ফাইনাল আজ অনুষ্ঠিত হবে। ধানমন্ডির বাস্কেটবল জিমনেশিয়ামে সোনার লড়াইয়ে মুখোমুখি হবে সেনাবাহিনী ও নৌবাহিনী। গতকাল সেমিফাইনালে বাংলাদেশ বিমান বাহিনীকে ৭০-৬৬ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী। অপর সেমিফাইনালে বাংলাদেশ নৌবাহিনী ১১৬-৫৬ পয়েন্টে উড়িয়ে দেয় রাজশাহী জেলাকে।

গেমস ভলিবলের ফাইনাল আজ

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের ভলিবল প্রতিযোগিতার পুরুষ ও মহিলা বিভাগের ফাইনাল আজ অনুষ্ঠিত হবে। পুরুষ বিভাগের ফাইনালে লড়বে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী। মহিলা বিভাগের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ।

জুডোতে আনসার-বিকেএসপির স্বর্ণ জয়

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের জুডো প্রতিযোগিতা গতকাল শুরু হয়েছে। মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গতকাল পুরুষ ৬০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন বিকেএসপির মো. আবু রায়হান শুভ। নারী ৪৮ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ আনসারের শারমিন আক্তার অন্তরা। পুরুষ ৫৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. মমিনুর ইসলাম। নারী ৪৪ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক পান বাংলাদেশ আনসারের প্রিয়াঙ্কা আক্তার।

গেমস ক্রিকেট

ফাইনালে বরেন্দ্র নর্থ জোন

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের ক্রিকেট ডিসিপ্লিনে পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে বরেন্দ্র নর্থ জোন। গতকাল বরিশালের শহিদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে চট্টলা ইস্ট জোনকে ৩৬ রানে পরাজিত করেছে বরেন্দ্র নর্থ জোন। তিন ম্যাচে দুটি জয়ে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান ম্যাচে চট্টলার সংগ্রহ ২ পয়েন্ট।

একই ভেন্যুতে আজ লিগ পর্বের শেষ ম্যাচে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন খেলবে চন্দ্রদ্বীপ সাউথ জোনের বিরুদ্ধে। এ ম্যাচের জয়ী দল আগামী ১০ এপ্রিল ফাইনালে বরেন্দ্র নর্থ জোনের বিরুদ্ধে খেলবে।

গতকাল আগে ব্যাট করে ৪৯.১ ওভারে ২৩৫ রানে অলআউট হয় বরেন্দ্র। অধিনায়ক নাঈম আহমেদ ৮৫, জাকারিয়া ইসলাম ৪২, ইমন আলী ২৯, মিনহাজুল হাসান ১৯, ফাহিম হাবিব ১৯ রান করেন। জবাবে ৪৭.১ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় চট্টলার ইনিংস। অধিনায়ক রিহাদ খান ৮১, মুস্তাফিজুর রহমান ৩৬, মইনুল হাসান ২৮ রান করেন। বরেন্দ্রর পক্ষে জাকারিয়া ইসলাম ৩৯ রানে ৩টি উইকেট নেন। নাঈম আহমেদ ম্যাচ-সেরা হন।