নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক অবরুদ্ধ হওরার ঘটনায় উত্তপ্ত হয়ে হেফাজত কর্মীদের তাণ্ডবের ঘটনার পর পুলিশের কাজে বাধা ও হামলা, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় থানায় তিনটি মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সোনারগাঁও থানায় দুই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে দুটি ও হেফাজত নেতাকর্মীদের হামলায় আহত সাংবাদিক হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। সোনারগাঁও থানার ওসি মো. হাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনটি মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে প্রধান আসামি করে ৬০০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় এজহারভুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পুলিশের দুটি মামলার এজাহারভুক্ত আসামি এক জনের নাম মোস্তাফা বলে জানা গেছে। মোস্তাফাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
গতকাল দুপুরে পুলিশের কাজে বাধা, হামলা ও ভাঙচুরের ঘটনায় সোনারগাঁও থানার উপ-পরিদর্শক ইয়াউর রহমান বাদী হয়ে মামুনুল হককে প্রধান আসামিসহ ৪১ জনের নামোল্লেখ করে এবং সন্ত্রাসবিরোধী আইনে আরিফ হাওলাদার বাদী হয়ে মামুনুল হকসহ ৪২ জনের নামোল্লেখ করে আরো একটি মামলা করেন। মামলায় পাঁচ শতাধিক অজ্ঞাত আসামি করা হয়েছে।
এদিকে শনিবার মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করার ঘটনার তথ্য সংগ্রহ করতে যাওয়া স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমানকে মামুনুল হকের দাড়ি ধরে টান দেওয়ার অভিযোগ তুলে সনমান্দি ইউনিয়নের ভাটিরচর গ্রামে সাংবাদিকের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনার মামলায় মামুনুল হককে প্রধান আসামি ও ১৭ জনর নামোল্লেখসহ ৭০-৮০ জনকে আসামি করা হয়।
সোনারগাঁও থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, হেফাজতের তাণ্ডবের ঘটনায় সোনারগাঁও থানায় তিনটি মামলা গ্রহণ করা হয়েছে। এ মামলায় কয়েক শ জনকে আসামি করা হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে আসামি শনাক্ত করে নাম-ঠিকানা অন্তর্ভুক্ত করা হবে। এ ঘটনায় এজাহারভুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
