করোনা নিয়ন্ত্রণ

ধর্মীয় উপাসনালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২২:৩৩

দেশের সব মসজিদে জুমা ও ওয়াক্তের নামাজ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আগে-পরে গণজমায়েত নিষিদ্ধ করেছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, জুমা ও অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে ও পরে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার সভা ও সমাবেশ করা যাবে না। মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক তারাবিসহ অন্যান্য নামাজ আদায় করতে হবে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রার্থনা করতে হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা       নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পরিচালনা কমিটিকে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হলো। এর আগে গত সোমবার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মসজিদগুলোতে নামাজ আদায়ের জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানায় ধর্ম মন্ত্রণালয়। এছাড়া পবিত্র রমজানে মসজিদগুলোতে সেহরি ও ইফতারের আয়োজন থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়।