হেফাজতের যুগ্ম-মহাসচিব মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস ও শেয়ার দেওয়ায় সীতাকুণ্ডে ছাত্রলীগের ঐ দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার দুই ছাত্রলীগ নেতা হলেন, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগ প্রচার সম্পাদক মো. আজিজুল হক ও ভাটিয়ারী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের সভাপতি গিয়াস উদ্দিন।
জানা যায়, হেফাজত নেতা মামুনুল হকের ঘটনা নিয়ে তার পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেন সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগ প্রচার সম্পাদক মো. আজিজুল হক। এছাড়া মামুনুল হকের বিষয়ে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের বিরোধিতা করে এক ব্যক্তি ফেসবুকে স্ট্যাটাস দেন। আর সেটিকে শেয়ার করেন ভাটিয়ারী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের সভাপতি গিয়াস উদ্দিন। এতে সংগঠনের নীতি আদর্শ ও দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে উপজেলা ছাত্রলীগ তাদের দলীয় পদ থেকে বহিষ্কার করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শিহাব উদ্দিন বলেন, তারা আমাদের সংগঠনের আদর্শ নীতি ও শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বহিষ্কার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে অভিযুক্ত দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়।
