যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পরিবারের মৃত ছয় সদস্যের জানাজা ও দাফন আজ

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০০:৩৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অ্যালেন শহরের বাংলাদেশি পরিবারের ছয় সদস্যের জানাজা ও দাফন স্থানীয় সময় আজ বৃহস্পতিবার হবে বলে জানা গেছে। মরদেহগুলোর ময়নাতদন্তের পর দাফনের ব্যবস্থা করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস। ইসলামিক অ্যাসোসিয়েশন অব অ্যালেন দাফনের কাজ সম্পন্ন করবে।

গত সোমবার ভোরে পুলিশ অ্যালেন শহরের পাইন ব্লাফ ড্রাইভ এলাকার বাড়ি থেকে ছয় বাংলাদেশি-আমেরিকানের মরদেহ উদ্ধার করে। পুলিশের দাবি, ঐ পরিবারের দুই ছেলে ফারদিন ও তানভীর তাদের বাবা তৌহিদুল ইসলাম, মা আইরিন ইসলাম, বোন ফারবিন তৌহিদ ও নানি আলতাফুন্নেসাকে গুলি করে হত্যার পর নিজেরা আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী দুই ভাই ইউনিভার্সিটি অব টেক্সাস অস্টিনের শিক্ষার্থী ছিলেন। তারা বিষণ্নতায় ভুগছিলেন বলে ঘটনার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া নোটে উল্লেখ করেছেন। ছোট ভাই দীর্ঘ নোটে তাদের বিষণ্নতায় ভোগার ইতিহাস, হত্যার পরিকল্পনা ও ঘটনা সম্পর্কে বিশদ বর্ণনা দিয়েছে। আগেই দুই ভাই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এবং বড় ছেলে তানভীর একটি আগ্নেয়াস্ত্র জোগাড় করে। পুলিশ এই ঘটনায় তদন্ত করছে।

জানা গেছে, ছয় বাংলাদেশির মধ্যে দুই জনের মরদেহ মঙ্গলবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকিদের লাশ সব প্রক্রিয়া শেষ করে বুধবারই হস্তান্তরের কথা। এর পরই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস লাশগুলো দাফনের ব্যবস্থা করবে।

অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হাশমত মোবীন গণমাধ্যমকে জানান, তৌহিদুল ইসলামের ভাই ও আইরিন ইসলামের ভাই টেক্সাসে এসেছেন। পরিস্থিতি বিবেচনায় জানাজা ও দাফনের সময়ে পরিবর্তন আনা হয়েছে। ঐ পরিবারের সদস্যরা অ্যালেন শহরের যে মসজিদে যেতেন, সেখানে বৃহস্পতিবার তাদের জানাজা হবে। পরে পার্শ্ববর্তী ডেন্টন শহরের মুসলিম কবরস্থানে তাদের দাফন করা হবে।