ভ্যাট সংগ্রহে খোলা থাকবে মাঠ পর্যায়ের অফিস

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২০:৪৮

ইত্তেফাক রিপোর্ট

করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় সরকার নতুন করে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। তবে এমন বিধিনিষেধের মধ্যেও রাজস্বের চাকা সচল রাখতে মাঠ পর্যায়ের ভ্যাট ও শুল্ক অফিসগুলো যথারীতি খোলা থাকবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে ব্যবসায়ীরা তাদের ভ্যাট রিটার্ন জমা দেওয়া ও প্রযোজ্য শুল্ককর পরিশোধ করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার এনবিআরের ভ্যাট বিভাগ এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। এতে বিদ্যমান ভ্যাট আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে বলা হয়, প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের ভ্যাটের রিটার্ন জমা দিতে হয়। এতে ব্যবসায়ীদের সহায়তা করার জন্য এনবিআরের এ সংক্রান্ত অফিসগুলো খোলা রয়েছে। অর্থাত্ লকডাউন পরিস্থিতিতে মানুষের চলাচলে সরকারের বিধিনিষেধ থাকলেও ভ্যাটের টাকা পরিশোধ করতে হবে।