পুলিশকে নির্মোহ ও সংবেদনশীল হওয়ার নির্দেশ আইজিপির

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২২:৪৯

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশ সদস্যদের নিজেদের কর্মক্ষেত্রকে সেবার কেন্দ্রস্থলে পরিণত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আইনের শাসন নিশ্চিত করতে পুলিশকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। মামলার যথাযথ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা, অপরাধীকে বিচারের আওতায় আনা, মামলার বাদী, ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা দেওয়াসহ অর্পিত দায়িত্ব নির্মোহভাবে পালন করতে হবে। জনগণকে আইনি সহায়তা দেওয়া, তথ্যের ভিত্তিতে ত্বরিত ব্যবস্থা নেওয়া, নারী-শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ সেবাপ্রত্যাশী জনগণের প্রতি সংবেদনশীল আচরণের নির্দেশও দেন আইজিপি।

গতকাল রবিবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) সারদায় ৩৬তম উপ-পরিদর্শকদের (এসআই) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। এর আগে তিনি প্যারেড পরিদর্শন করেন ও সদ্য প্রশিক্ষিত এসআইদের অভিবাদন গ্রহণ করেন।

ড. জাবেদ পাটোয়ারী বলেন, নতুন প্রযুক্তির বিকাশ ও বিশ্বায়নের ফলে অপরাধের প্রকৃতি, মাত্রা ও অপরাধ সংঘটনের কৌশলে নিয়ত পরিবর্তন ঘটছে। পুলিশকেও তাই অপরাধ মোকাবিলা, কলা-কৌশল প্রয়োগ এবং প্রযুক্তি ও লজিস্টিকস ব্যবহারে সক্ষমতা অর্জন করতে হচ্ছে। নবীন পুলিশ সদস্যরা মেধা, যোগ্যতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সর্বোত্তম বিকাশের দ্বারা বাংলাদেশ পুলিশের গৌরব ও অতীত অর্জনকে সমুন্নত রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ৬৬ জন নারী অফিসারসহ ১ হাজার ৩২৩ জন শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) অংশগ্রহণ করেন। প্যারেড পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পাঁচজনকে পুরস্কৃত করেন আইজিপি। বেস্ট একাডেমিক ক্যাডেট হিসেবে ক্যাডেট (এসআই) রুবিনা ইয়াসমিনকে পদক প্রদান করেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল মোহাম্মদ নাজিবুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার একেএম হাফিজ আকতারসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।