শফিক ইমতিয়াজ
আজ বোশেখের পয়লা, নতুন বছর এলো বাংলাদেশে
রাত্রি ভেঙে সূর্য ওঠে, পুব দিগন্ত উঠলো হেসে
মনে পড়ে ছেলেবেলার ভৈরবী গান, দোতারা, ঢোল
আজো মনে সে বোল বাজে—এক ধামা চাল একটা পটল!
সকাল থেকে বসতো মেলা হয়তো কোনো বিশাল মাঠে
দুপুর বিকেল যায় গড়িয়ে, ভাঙতো যখন সূর্য পাটে
গোল্লা প্যারা গুড়জিলিপি মণ্ডা গজা মুড়কি মুড়ি
মাটির ইলিশ, কাঠের ঘোড়া, ঝুমঝুমি ও আলতা চুড়ি
নাটাই ঘুড়ি গুলতি সুতো; চড়তে হবেই নাগরদোলা
দিনের আলোর সঙ্গে নাচে মাথার ’পরে আকাশখোলা!
আজ পৃথিবী বিষণ্নমন : করোনাকাল, ব্যাধির বেলা
আগের মতো জমবে না সেই টইটুম্বুর প্রাণের মেলা
চলাফেরা করতে হচ্ছে পরস্পরের দূরে থেকে
সতর্কতার সঙ্গে খুবই, নাক মুখটি মাস্কে ঢেকে!
তাই বোশেখের পয়লা দিনে প্রকাশ করো শুভেচ্ছাটি
বালাই কেটে এই পৃথিবী হয়ে উঠুক পরিপাটি
মনের মাঠেই বাজাই চলো দুঃখহরা প্রাণকাড়া ঢোল—
ঝাউর গিজা গিজ ধিনাচা, এক ধামা চাল একটা পটল।
