প্রায় অর্ধ শত বছর আগে তৈরি হওয়া কুমড়িবাজার সংলগ্ন সেতুটি চলাচলের অনুপযুক্ত হতে চলেছে। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার মধ্যে সংযোগ ঘটানো এই সেতুর এপাড়ে দুর্গাপুর-কুমড়ি-নজরপুর বাজার এবং ওপাড়ে কদমচাল-ফিরিঙ্গিটিলা-মনোহরপুর গ্রাম। স্বাধীনতার পরবর্তী কয়েক দশক ধরে নদীর এপাড়-ওপাড় মিলিয়ে এই এলাকার হাজার হাজার মানুষের হাট-বাজার, যোগাযোগ ও নিত্য প্রয়োজনীয় কাজে সেতুটি আশীর্বাদস্বরূপ। বর্ষাকালে নদী পারাপারে একমাত্র ভরসা এই সেতু। কিন্তু বর্তমানে এর অবস্থা শোচনীয়। প্রায় ৫ বছর ধরে সেতুর পিলারের আস্তরণসহ রড-সিমেন্ট খসে খসে পড়ছে। সেতুর মাঝখানে পাঁচ থেকে ছয়টা দীর্ঘাকার ফাটল দেখা যায়। হাতল দেয়ালের ধ্বংসাবশেষে বাঁশ বেঁধে এলাকাবাসী ঝুঁকি নিয়ে চলাচল করছে। যে কোনো মুহূর্তে এটি ভেঙে পড়তে পারে। তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেতুটির সংস্কার, প্রয়োজনে পুনঃনির্মাণ করা উচিত।
রেদওয়ান আহমদ
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
