ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত দেলোয়ার ঐ এলাকার প্রবাসী আবদুল হান্নান মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, পাকশিমুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাশেম আলীর মধ্যে দীর্ঘদিন যাবত্ বিরোধ চলে আসছে। বুধবার দুপুরে তাদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সন্ধ্যায় স্থানীয় বাজারে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। চিকিত্সার জন্য রাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। সার্কেলে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
