গাইবান্ধা প্রতিনিধি
স্থগিত থাকা গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকারকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ১৩২টি ভোট কেন্দ্রে ইউনুস আলী (নৌকা) পেয়েছেন ১ লক্ষ ২১ হাজার ১৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী (লাঙ্গল) পেয়েছেন ২৪ হাজার ৩৮৫ ভোট ও জাসদের খাদেমুল ইসলাম খুদি পেয়েছেন ১১ হাজার ৬৩০ ভোট। গতকাল রবিবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল হোসেনের নিকট থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই তথ্য জানা যায়।
প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর এ আসনের ঐক্যফ্রন্ট সমর্থিত জাতীয় পার্টির (জাপা জাফর) প্রার্থী টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যু হয়। ফলে এ আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন পুনঃতফসিল ঘোষণা করে। দ্বিতীয় দফায় জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক মনোনয়নপত্র দাখিল করেন; কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন গত ১০ জানুয়ারি ভোট কারচুপি ও অনিয়মের আশঙ্কায় সাদিকসহ বাসদ ও ইসলামী আন্দোলনের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। পরে পাঁচ প্রার্থী এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন।
