কুমিল্লার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছে হাইকোর্ট। নিম্ন আদালতে এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে এ জামিন দেওয়া হয়। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, এজাহারে খালেদা জিয়ার নাম ছিল না। অভিযোগপত্রে তাঁকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা মনে করি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে খালেদা জিয়াকে এ মামলায় আসামি করা হয়েছে। তিনি জামিন পাওয়ার হকদার।
২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতাল চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। গত বছরের ৬ আগস্ট হাইকোর্ট এ মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেয়। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর ‘নো-অর্ডার’ দিয়েছিল আপিল বিভাগ। ওই মেয়াদ শেষ হওয়ার আগেই জামিনের মেয়াদ বর্ধিতের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী। ওই আবেদনের ওপর আদালত উপরোক্ত আদেশ দেয়।
