সৈয়দপুরে এক দম্পতির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন— নজরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী সালমা খাতুন (৪৫)। গত শনিবার গভীর রাতে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়ার একটি খামার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় আব্দুল রাজ্জাক নামে খামারের এক নৈশ প্রহরী আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন— বালাপাড়া এলাকার আসলাম হাজী, তার ছেলে লাবু, সজল, কাজের মেয়ে রহিমা ও প্রতিবেশী রশিদুল ইসলাম।
পুলিশ জানায়, বালাপাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় অবস্থিত খামার বাড়িতে বসবাস করতেন স্বামী-স্ত্রী ও তাদের এক কর্মচারী। শনিবার রাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ওই দম্পতিকে গলা কেটে হত্যা করে। এ সময় কর্মচারী আব্দুর রাজ্জাক এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। বর্তমানে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিত্সাধীন। সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সুষুম তদন্ত চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে।
এদিকে খবর পেয়ে গতকাল ঘটনাস্থলে গিয়েছেন সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অশোক কুমার পাল ও সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশাসহ একদল পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
