বিনোদন ডেস্ক
মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে নাকাল সারাবিশ্ব। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। অনেক দেশই নতুন করে লকডাউনের কবলে পড়ছে। ঘরবন্দি মানুষের বিনোদনের জন্য এখন সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে ওটিটি প্লাটফর্ম। করোনার শুরু থেকেই এই মাধ্যমটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। নেটফিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, জি-ফাইভ, হটস্টার, টি-সিরিজ, ডিজনি প্লাস হটস্টারসহ বেশকিছু প্লাটফর্ম এরইমধ্যে লাখ লাখ গ্রাহক তৈরি করেছে। নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে তারা এখন ওয়েব সিরিজের পাশাপাশি মুক্তি দিচ্ছে জনপ্রিয় সব সিনেমা। সেই ধারাবাহিকতায় চলতি মাসেও নতুন কিছু চমক থাকছে ওটিটি দর্শকদের জন্য। প্লাটফর্মগুলো এ মাসে নিজেদের তালিকায় যুক্ত করছে বলিউড-হলিউডের বেশকিছু সিনেমা।
নেটফ্লিক্স :নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘অ্যা বিগ ডে’ সিনেমাটি। ভারতীয় বিয়েকে ঘিরে নির্মিত এই সিরিজটি গত ৭ এপ্রিল মুক্তি দেওয়া হয়েছে। আগামী ১৬ এপ্রিল মুক্তি পাবে ‘আজব দাস্তানস’ সিনেমাটি। শশাঙ্ক খৈতান, রাজ মেহতা, নীরজ ঘায়ওয়ান ও কায়োজ ইরানি পরিচালিত এই সিনেমাটি ৪টি গল্পে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন শেফালি শাহ, অদিতি রাও হায়দারি, কংকনা সেন শর্মা, নুসরাত ভারুচা ও ফাতিমা সানা শেখ। এছাড়া আগামী ৩০ এপ্রিল মুক্তি পাবে ‘দ্য ডিসিপল’ নামের আরো একটি মারাঠি সিনেমা। পুরস্কার প্রাপ্ত এই সিনেমাটিতে আদিত্য মোদক মূল চরিত্রে অভিনয় করেছেন।
জি-ফাইভ :আগামী ১৬ এপ্রিল রহস্যে ভরপুর থ্রিলার সিনেমা ‘রাত বাকি হ্যায়’ জি-ফাইভে মুক্তি পাবে। রোমান্টিক থ্রিলারধর্মী এই সিনেমাটিতে অভিনয় করছেন পাওলি দাম, অনুপ সোনি, রাহুল দেবসহ অনেকে।
অ্যামাজন প্রাইম ভিডিও :গত ৭ এপ্রিল থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে ক্রাইম থ্রিলার সিনেমা ‘জোজি’’। সিনেমাটিতে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, বাবুরাজ, শাম্মি থিলাকান, অ্যালিস্টায়ার অ্যালেক্স ও উনিমায়া প্রসাদের মতো তারকারা। এদিকে প্লাটফর্মটিতে গতকাল মুক্তি দেওয়া হয়েছে অ্যাডভেঞ্চার কমেডি ঘরানার সিনেমা ‘হ্যালো চার্লি’। সিনেমাটিতে অভিনয় করেছেন আদর জৈন, জ্যাকি শ্রফ, শ্লোকা পণ্ডিত, রাজপাল যাদব, দর্শন জরিওয়ালা, ভারত গণেশপুর, গিরিশ কুলকার্নি, সিদ্ধান্ত কাপুর ও এলনাজ নরৌজি প্রমুখ। এছাড়া একইদিন এই প্লাটফর্মটিতে মুক্তি পেয়েছে পুষ্কর জগ, অমৃত খানভিলকর ও বন্দনা গুপ্তে অভিনীত ‘ওয়েল ডান বেবি’ সিনেমাটি।
ডিজনি+হটস্টার : পরিচালক হংসল মেহতার সাড়া জাগানো ওয়েব সিরিজ ‘স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি’ এবার সিনেপর্দায় দেখা যাচ্ছে। একই কাহিনি নিয়ে নির্মিত ‘দ্য বিগ বুলস’ নামের এই সিনেমাটি গত ৮ এপ্রিল মুক্তি পেয়েছে ডিজনি+হটস্টার প্লাটফর্মে। অজয় দেবগন প্রযোজিত এই সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন।
