নেত্রকোনা প্রতিনিধি
বর্তমানে সারা দেশের মতো নেত্রকোনায় লকডাউন থাকা সত্ত্বেও সড়কগুলোতে অবৈধভাবে চলছে সিএনজি। আর এ কারণে বাস মালিক সমিতি ও বাস শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা জানিছেন, সিএনজি বন্ধ না করলে তারাও বাস চালাবে অথবা সড়কের মধ্যে বাস রেখে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেবে।
সরেজমিনে দেখা গেছে, নেত্রকোনায় লকডাউনের সময় সকাল থেকে সন্ধ্যা এমনকি রাত পর্যন্ত জেলার ১০টি সড়কেই যাত্রী নিয়ে সিএনজি চলছে। নেত্রকোনা-ময়মনসিংহ সড়কেও সিএনজি চলছে। শুক্রবার জেলার বেশ কয়েকটি সড়কে এমন চিত্র দেখা গেছে।
নেত্রকোনা জেলা পরিবহন মালিক সমিতির সদস্য সারোয়ার জাহান খান রঞ্জন বলেন, সরকারের নির্দেশ মেনেই গত ৫ এপ্রিল লকডাউন ঘোষণার পর থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছি। বাস শ্রমিকরা এখন অসহায়। কিন্তু সিএনজি চলতে পারলে বাস কেন চলবে না? তিনি এ প্রশ্ন রাখেন। তিনি বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন বলেও জানান। এ ব্যাপারে জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান বলেন, খোঁজ নিয়ে বিষয়টি তারা দেখছেন।
