শরণখোলায় ভিজিডির সঞ্চয়ের টাকা নিয়ে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:৩৫

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলার রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বিরুদ্ধে ভিজিডির সঞ্চয়ের টাকা ফেরতে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। রায়েন্দা ইউনিয়নে ৮৫৩জন উপকারভোগীর পাঁচ মাসের সঞ্চয় ফেরত না দেয়ার অভিযোগ ওঠায় বৃহস্পতিবার এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধানরা হলেন রায়েন্দা ইউনিয়নে উপজেলা মত্স্য কর্মকর্তা এম এম পারভেজ, খোন্তাকাটায় সহকারী শিক্ষা কর্মকর্তা রতন কুমার বল, ধানসাগরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এবং সাউথখালীতে পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা শিশির কুমার। এই কমিটিকে ১১ এপ্রিলের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, ভিজিডি কর্মসূচি শুরুর দিকে ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হতে বিলম্ব হয়। এ কারণে প্রথম পাঁচ মাস ৮৫৩ জন কার্ডধারীরা সঞ্চয় ২০০ টাকা করে পরিষদের তহবিলে জমা রাখা হয়। ভিজিডি কর্মসূচির মেয়াদ শেষ হলে কার্ডধারীদের জমাকৃত সঞ্চয় ফেরত্ দেয়ার জন্য পরিষদের সচিবের কাছে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে গত বুধ ও বৃহস্পতিবার দুটি ওয়ার্ডের সঞ্চয়ের টাকা ফেরত্ দেওয়া হয়েছে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, সঞ্চয়ের টাকা ফেরত না দেয়ার সত্যতা পাওয়া গেছে। তাই চারটি ইউনিয়নের কোথাও এধরণের অসঙ্গতি থাকলে তা যাচাই করার জন্য পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোনো অনিয়ম প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।