মধুখালীতে পেঁয়াজের দাম কম!

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:৩৭

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

মধুখালী হাটে ব্যাপক আমদানি হওয়ায় এবার পাইকারি ২৫-৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হতে দেখা যাচ্ছে। শুক্রবার সকাল থেকেই এলাকার পেঁয়াজ চাষিরা হাটে পেঁয়াজ নিয়ে উপস্থিত হন। শুক্রবার পেঁয়াজের আমদানি হয় অনেক বেশি। তবে মৌসুমের শুরুতেই দাম কম থাকায় বেশি দাম পাওয়ার আশায় অনেক কৃষক তাদের পেঁয়াজ নিয়ে বাড়ি ফিরে যান।

মৌসুমে প্রতি হাটে মধুখালী থেকে ২২ জন আড়তদারের ঘর থেকে প্রায় ৯০ হাজার মণ পেঁয়াজ রাজধানী ঢাকা, বরিশাল, খুলনাসহ বিভিন্ন জেলার ব্যাপারীরা কিনে নিয়ে যায়। এবার মৌসুমের শুরুতেই দাম স্বাভাবিক দেখা যাচ্ছে। প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত পাইকাররা কিনছেন। যা খুচরা বাজারে ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, চলতি ২০২০-২০২১ মৌসুমে মধুখালীতে মোট ২ হাজার ৭৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পেঁয়াজের আবাদ করা হয়। গত ২০১৯-২০ মৌসুমে মোট ৩ হাজার ৩৪০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পেঁয়াজের আবাদ করা হয়েছিল। গতবারের তুলনায় এ বছর ৫৫০ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ কম হলেও এবার ফলন ভালো হয়েছে। এ বছর প্রায় ৩৮ হাজার ৫০০ মেট্রিক টন পেঁয়াজ উত্পাদন হয়েছে।