ধামইরহাটে প্রতিবেশীর হাঁসুয়ার আঘাতে এক ব্যক্তি খুন

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২২:০৩

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর ধামইরহাটে প্রতিবেশীর হাঁসুয়ার আঘাতে মোস্তফা (৩২) নামে এক ব্যক্তি খুন হয়েছে। এ ঘটনায় প্রতিবেশী রাজু হোসেন (২১) আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ইসবপুর ইউনিয়নের পূর্ব তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফার ভাই মামনুল হক জানান, রাজুর নেশা করার কথা তার বাবা এনামুল হক টিটুকে জানানোর কারণে প্রতিবেশী মোস্তফার ওপর ক্ষিপ্ত হয় রাজু এবং তাকে গালিগালাজ করে। এক পর্যায়ে রাজু মোস্তফাকে মারধর করতে শুরু করে এবং ঘর থেকে ধারালো হাসুয়া এনে মোস্তফার ঘাড়ে ও গলায় এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। স্থানীয়রা গুরুতর জখম মোস্তফাকে দ্রুত জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিলে সকাল সাড়ে ৯টার দিকে মোস্তফা মারা যান। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে রাজু হোসেনকে আটক করে।