বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস শেষ হচ্ছে আজ

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২২:০৭

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ক্রীড়াবিদরা টানা ১০ দিন খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। করোনার মধ্যেও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন খুব সাবধানতার সঙ্গে খেলাটা চালিয়ে আসছিলেন। ৩১টি খেলায় ৫ হাজারের বেশি ক্রীড়াবিদ লড়াই করেছেন শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য। অনেক হাসি-কান্না আর নতুন নতুন ক্রীড়াবিদের উত্থান দেখা গেছে। বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলছিলেন, এই করোনার মধ্যেও ঝুঁকি নিয়ে খেলা আয়োজন করেছি সবার সহযোগিতায়। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখানে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসটা যদি না হতো তাহলে অনেক ক্রীড়াবিদ ঝরে যেতেন।’

করোনার কারণে অনেক ক্রীড়াবিদের দেখা পেয়েছে বিওএ। এদের নিয়ে সামনের দিনগুলোতে নতুন করে পরিকল্পনা তৈরি করবে বিওএ। আগামীতে এসএ গেমস হবে, এসএ গেমসের মতো বড় আসরে নিজেদের অবস্থান আরো উন্নত করতে বাংলাদেশ গেমসের বাছাইকৃত ক্রীড়াবিদদের প্রশিক্ষণের কাজটাও ভালোভাবে করতে চান সৈয়দ শাহেদ রেজা।

আজকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নবম বাংলাদেশ গেমসের সমাপনী অনুষ্ঠান শুরু হবে বিকাল সাড়ে ৫টায়। গেট উন্মুক্ত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের মতো লম্বা সময় নিয়ে অনুষ্ঠান হবে না। ৩০ মিনিটের একটি অনুষ্ঠান রাখা হয়েছে। সন্ধ্যা ৭টায় একটি ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে ১০ দিনের গেমসের চিত্র তুলে ধরা হবে। সংক্ষিপ্ত লেজার শো শেষে গেমসের মশাল নেভানোর মাধ্যমে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। সমাপনী বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও গেমস স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ বলেন, ‘আমরা গেমসের সুন্দর সমাপ্তির অপেক্ষায়। উদ্বোধনটা জাঁকজমক হলেও চলমান করোনা প্রেক্ষাপটে আমরা সমাপনী অনুষ্ঠান খুবই স্বল্প আকারে করছি। সাংস্কৃতিক পর্ব সেভাবে থাকছে না।’

গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত আনসার ১২৫টি স্বর্ণসহ ২৬২টি পদক জিতে সবাইকে ছাড়িয়ে শ্রেষ্ঠত্বের পথে এগিয়ে রয়েছে। ১০৬টি স্বর্ণসহ ২৭৭টি পদক জিতে দ্বিতীয়স্থানে ছিল সেনাবাহিনী। ৬৩টি স্বর্ণসহ ১২৬টি পদক নিয়ে নৌবাহিনী ছিল তৃতীয় স্থানে।