নকল কারখানায় র্যাবের অভিযান

চার কোটি টাকার নকল ক্যাবল জব্দ ১৮ জনের কারাদণ্ড

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০০:২৯

পুরান ঢাকার নবাবপুরে দু’টি ভবনে সাতটি নকল ক্যাবল তৈরির কারখানা থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের নকল ক্যাবল জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল ক্যাবল তৈরির সঙ্গে জড়িত ১৮ জনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, গতকাল দুপুর ১২টায় র্যাব-৩ নবাবপুরে অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি বলেন, নাম সর্বস্ব কারখানাগুলোতে দীর্ঘদিন ধরে নিম্নমানের বৈদ্যুতিক ক্যাবল তৈরি করা হচ্ছিল। এগুলো বিভিন্ন নামী ব্র্যান্ডের লোগো লাগিয়ে বাজারজাত করা হয়। নকল ক্যাবল ব্যবহারের ফলে শর্টসার্কিটের ঝুঁকি থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানসহ বাসা-বাড়িতে অগ্নিকাণ্ডের ঝুঁকিও থাকে।