কালকিনিতে নিখোঁজের চার দিন পর স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১২টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচরী স্বস্থাল এলাকার হাবিব ব্যাপারীর বাড়ির পাশের খাল থেকে মোয়াজ্জেম সরদার (৪৮) ও মোকসেদা বেগমের (৩৮) লাশ উদ্ধার করা হয়।
আলীনগর ইউনিয়ন পরিষদের সদস্য নান্নু ব্যাপারী জানান, গত সোমবার দিবাগত রাত থেকে নিখোঁজ ছিলেন মোয়াজ্জেম সরদার ও মোকসেদা বেগম। নিহত দম্পতির ছেলে সাঈদ সরদার (২৫) তাদের এলাকার জিয়াউল হত্যা মামলার সাক্ষী।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক জানান, কালকিনি থানার আলীনগর ইউনিয়নের কোলচরী স্বস্থাল থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এরা গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন। নিহতের জামাই ইমরান বাদী হয়ে গত বুধবার কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
