দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় চীন গবেষণা জাহাজে বিজ্ঞানীদের পাঠানোয় সেই অঞ্চলে নিরাপত্তা বাড়াতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের ৩২০ কিলোমিটার পশ্চিমে ও দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) কাছে চীন ২০০ ‘ম্যারিটাইম মিলিশিয়া’ জাহাজ পাঠালে সেই অঞ্চলে উত্তেজনা বেড়ে যায়। এরপর যুক্তরাষ্ট্র সেখানকার নিরাপত্তা নিশ্চিত করতে পাঠিয়েছে ইউএসএস থিওডর রুজভেল্ট রণতরী। নেভি স্ট্রাইক গ্রুপের এই যুদ্ধজাহাজ গত রবিবার দক্ষিণ চীন সাগরে প্রবেশ করেছে।
চীনের সাউথ চায়না মর্নিং পোস্ট’র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মালাক্কা প্রণালীর ব্যস্ত সামুদ্রিক পথ দিয়ে যুক্তরাষ্ট্র সেখানে ইউএসএস ম্যাকিন আইল্যান্ড রণতরীও মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্র সেখানে ইউএসএস সান ডিয়াগো জাহাজও পাঠিয়েছে। এদিকে দক্ষিণ চীন সাগরের গভীর তলদেশে খনন চালিয়ে গবেষণার জন্যে নমুনা সংগ্রহ করছেন চীনের বিজ্ঞানীরা। কিন্তু এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তাইওয়ান ও ফিলিপাইন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সেখানে তার উপস্থিতি আরো বাড়িয়ে দিয়েছে।
