গ্রহণযোগ্যতা পেতে চা-চক্রের আয়োজন —মঈন খান

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০০:৩১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতি করে বাক্সভরে জয়লাভ করেছে তারা। আর এটা জানে বলেই আজকে সরকার ব্যস্ত হয়ে গিয়েছে কীভাবে প্রহসনের সরকারকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায়। মানুষের কাছে গ্রহণযোগ্য করার এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এই চা-চক্রের (গণভবনে) আয়োজন করা হয়েছে। তারা জানে ২৯ ডিসেম্বর রাতে ও ৩০ ডিসেম্বর বাংলাদেশে কী নাটক ঘটেছিল তা সকলে অবহিত আছেন।

গতকাল রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মঈন খান বলেন, ভুয়া নির্বাচনের মাধ্যমে যে সংসদ আজকে প্রতিষ্ঠিত করা হয়েছে সেই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। আমাকে কয়েকজন বিদেশি রাষ্ট্রদূত প্রশ্ন করেছিলেন আচ্ছা বিএনপির তো পাঁচজন নির্বাচিত হয়েছেন, পরে আরেকজন নির্বাচিত হয়েছেন। তাহলে তারা কী সংসদে যাবেন না? আমি বললাম, বিএনপির পাঁচজন তো নির্বাচিত হয়নি, তাদেরকে নির্বাচিত দেখানো হয়েছে। যাদের নির্বাচিত দেখানো হয়েছে তাদের সংসদে যাওয়ার কী রাইট রয়েছে? আসলে এই নির্বাচনে যাদেরকে জয়ী দেখানো হয়েছে তারা জয়ী হয়েছেন, যাদেরকে পরাজিত দেখানো হয়েছে তারা পরাজিত হয়েছেন। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবিএম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।