গাজীপুরে ৫ বছরের শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০০:৪৪

গাজীপুরে পাঁচ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে সিটি কর্পোরেশনের শরীফপুর এলাকায় একটি নির্জন স্থানে ঝোঁপের মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই শিশুর নাম তাফান্নুম তাহি। সে ওই এলাকার বাসিন্দা হুমায়ূন কবীরের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার এসআই কবির উদ্দিন জানান, শিশুটি বেলা ১১টার পর থেকে নিখোঁজ ছিল। পরে বিকালে স্থানীয়রা ওই শিশুটির লাশ বাড়ি থেকে দুই শত গজ দূরে একটি নির্জন স্থানে ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল মর্গে প্রেরণ করে।  এসআই আরো জানান, শিশুটির মাথায় শক্ত কিছুর আঘাতে জখমের চিহ্ন রয়েছে। তার মাথার মগজ বের হয়ে গেছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন জানান, এ হত্যাকাণ্ডটি কারা ঘটিয়েছে, তদন্ত শেষে জানা যাবে।