মহারাষ্ট্রে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড চার জন নিহত

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২১:১১

এনডিটিভি

ভারতের মহারাষ্ট্রে একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। গত শুক্রবার রাতে নাগপুরের ওয়াদি এলাকার ঐ হাসপাতালে আগুন লাগে বলে এক প্রতিবেদনে জানানো হয়। হাসপাতালটির ৩০টি শয্যার অর্ধেকই নিবিড় পরিচর্যা ইউনিটের অন্তর্ভুক্ত।

বার্তা সংস্থা এএনআইকে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘হাসপাতালটি খালি করে ফেলা হয়েছে। ২৭ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। নাগপুর মিউনিসিপ্যাল করপোরেশনের প্রধান দমকল কর্মকর্তা রাজেন্দ্র উছকে বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, হাসপাতালটির নিবিড় পরিচর্যাকেন্দ্রের শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। তবে আগুন খুব বেশি ছড়ায়নি।

হাসপাতাল থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।