বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে ছোট যমুনা নদীতে রাতের আঁধারে বিষ দিয়ে শিকার করা হচ্ছে মাছ। উপজেলার কোল ঘেঁষে বয়ে চলা ছোট যমুনা নদীর মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে জাবারীপুর হাট অংশের নদীতে বিষ দিয়ে মাছ শিকার করছে দুর্বৃত্তরা। স্থানীয় জেলে হারুন কাজল আব্দুল বলেন, নদীর মাছ বিক্রি করে আমাদের সংসার চলে। কিন্তু বিষ দিয়ে সব মাছ মেরে ফেলায় মাছ ধরতে না পরায় আমরা বিপদে পড়েছি। গত ৭ এপ্রিল গভীর রাতে দুর্বৃত্তরা ছোট যমুনা নদীর জাবারীপুর দহে বিষ প্রয়োগ করে ১০/১২ জন লোক মাছ শিকার করছিল। স্থানীয় গ্রাম পুলিশ আব্দুল আলিম তাদের ধরতে গেলে পালিয়ে যায়। ঐ সময় সুমন নামের একজন ধরা পড়ে। গ্রাম পুলিশ আব্দুল আলিম বলেন, দুর্বৃত্তরা মাঝে মধ্যেই আমাদের চোখ ফাঁকি দিয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে। নিয়মিত পাহারা দিয়েও ধরতে পারিনি। কিন্তু ঐ রাতে ১০ থেকে ১২ জন ছিল। সবাই পালিয়ে গেলেও সুমন ধরা পড়ে। তিনি আরো জানান, থানায় জানানো হয়েছে, মত্স্য অফিসেও জানিয়েছি। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি।
এদিকে বদলগাছী থানার এসআই মনোয়ার হোসেন বলেন, একজন গ্রাম পুলিশ ফোন করেছিল। কিন্তু পরবর্তীত সময়ে তারাই আবার ফোন করে জানায়, যে তারা নিজেরা মীমাংসা করে নেবে। মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাদি চৌধুরী টিপু জানান, প্রথমবারের মতো মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। উপজেলা মত্স্য কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, বিষ প্রয়োগে মাছ শিকার করা গুরুতর অন্যায়। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু স্থানীয় চেয়ারম্যান আগেই মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ায় আমার আর কিছু করার নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন বলেন, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
