বাংলাদেশ ইনসিওরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন শেখ কবির হোসেন। আগামী ২০২১-২২ সালের জন্য তাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এর আগে তিনি ২০১১ সাল থেকে বিআইএর সভাপতির দায়িত্ব পালন করছেন। শেখ কবির হোসেন বর্তমানে সোনার বাংলা ইনসিওরেন্স কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন কমিটির সহসভাপতিও পুনর্নির্বাচিত হয়েছেন এ কে এম মনিরুল হক। এছাড়াও প্রথম সহসভাপতি পদে মেঘনা লাইফ ইনসিওরেন্স ও কর্ণফুলী ইনসিওরেন্সের ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার বাংলাদেশ ইনসিওরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান উপাধ্যক্ষ মো. আব্দুস শহিদ এমপির সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইনসিওরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসাবে উপাধ্যক্ষ মো. আব্দুস সহিদ এবং নির্বাচন বোর্ডের সদস্য হিসাবে নিজাম উদ্দিন আহমেদ এবং মোস্তফা গোলাম কুদ্দুছ উপস্থিত ছিলেন। নির্বাহী কমিটিতে বিভিন্ন ইনসিওরেন্স থেকে সদস্য হিসেবে ১৭ জন নির্বাচিত হয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি
