আনসার টানা পাঁচ বার চ্যাম্পিয়ন

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২২:০৫

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে আবার আনসার চ্যাম্পিয়ন হয়েছে। এবার নিয়ে টানা পাঁচ বার চ্যাম্পিয়ন হলো আনসার। ১৯৯২, ১৯৯৬, ২০০২, ২০১৩ এবং এবার ২০২০ বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন হলো আনসার। আনসারের সহকারী পরিচালক (স্পোর্টস) রায়হান ফকির জানিয়েছেন, তারা ৩১টি ডিসিপ্লিনের মধ্যে ২৬টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করে। এর মধ্যে ক্রিকেট, বাস্কেটবল, রোইং, হকি এবং টেনিসে অংশগ্রহণ করেনি। সর্বশেষ পদকতালিকা অনুযায়ী আনসার ১৩২টি স্বর্ণ, ৮০টি রৌপ্য ও ৫৭টি ব্রোঞ্জসহ ২৬৯টি পদক নিয়ে বাংলাদেশ গেমসে টানা পঞ্চম বার চ্যাম্পিয়ন হলো। সেনাবাহিনী ১১৫টি স্বর্ণ, ৯৯টি রৌপ্য ও ৮৩টি ব্রোঞ্জসহ ২৯৭টি পদক নিয়ে রানার্স-আপ হয়। নৌবাহিনী ৬৩টি স্বর্ণ, ৩৯টি রুপা ও ২৫টি ব্রোঞ্জসহ ১২৭টি পদক নিয়ে তৃতীয়।

আনসারের ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত বলেন, ‘আনসার আমাদের সর্বোচ্চ সম্মান ও সুযোগ-সুবিধা দেয়। এজন্য আমরা ক্রীড়াবিদরাও সেরাটা দেওয়ার চেষ্টা করি’।