আট দিনের 'আল্টিমেটাম'কে পাত্তা দিলেন না মাদুরো

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১০:২৪

ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী কয়েকটি দেশের দেওয়া আল্টিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। জার্মানি, ফ্রান্স, ও স্পেন আট দিনের মধ্যে মাদুরোকে ভেনেজুয়েলায় নতুন করে নির্বাচন দেওয়ার আল্টিমেটাম দেয়। 

এসব দেশ আট দিনের মধ্যে নতুন করে নির্বাচন দেওয়া না হলে বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার হুমকি দেয়। 

সিএসএন তুর্ক’কে দেওয়া এক সাক্ষাৎকারে মাদুরো বলেন, দেশের রাজনৈতিক সংকটে বিদেশিদের চাপ সহ্য করবে না ভেনেজুয়েলা। 
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ অ্যারিজা বলেন, 'একটি স্বাধীন-সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে আল্টিমেটাম দেওয়ার অধিকার বিশ্বের কোনো দেশের নেই।'   

গত বুধবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারবিরোধী এক বিক্ষোভের সময় বিরোধী নেতা হুয়ান গুয়াইদো বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ উল্লেখ করে নিজেকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন।

গুয়াইদোর এমন ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় সঙ্গে সঙ্গে তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন। এছাড়াও আরো কয়েকটি লাতিন আমেরিকান দেশ গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আরো পড়ুন: ব্রাজিলে বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৮, নিখোঁজ ৩০০ 

অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থনের কথা ঘোষণা করেছে রাশিয়া, চীন, মেক্সিকোসহ আরো কয়েকটি দেশ।

ইত্তেফাক/এসআর