একজন অসাম্প্রদায়িক চেতনার, ভালো মনের সংগীতশিল্পীকে হারালাম। এই করোনা আমাদের অনেক প্রিয় মানুষকে কেড়ে নিচ্ছে। মিতা আপা বয়সে আমার অনেক বড় হলেও আমাদের মাঝে দীর্ঘদিনে সুসম্পর্ক ছিল। ওনার সবচেয়ে ভালোলাগার একটি দিক ছিল যে, উনি ভালোকে ভালো বলতেন, খারাপকে খারাপ। আপার সঙ্গে দেশ-বিদেশে অনেক অনুষ্ঠানে গান করেছি। সেই কাজগুলো করতে গিয়ে এত ভালোবাসা আর অনুপ্রেরণা পেয়েছি যে, তা সব সময় মিস করবো। একটি ঘটনা খুবই মনে পড়ছে। সেটা হলো একবার কলকাতায় গিয়ে একই হোটেলে ছিলাম। সেখানে তিনি এতটাই আপন করে নিয়েছিলেন যে, আজো তা হূদয়ে গেঁথে আছে। সেই সময়গুলো আর আপার আদর-ভালোবাসাগুলোর অভাব এখন পোড়াবে।
