বরিশালে লকডাউনে শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২১:৫৫

বরিশাল অফিস

লকডাউনে শ্রমজীবী মানুষের জন্য অর্থ বরাদ্দ ও রেশনিং ব্যবস্থা চালু এবং নগরীতে একটি আইসোলেশন সেন্টার চালুর দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার উদ্যোগে রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, মহানগর ছাত্রফ্রন্টের প্রচার সম্পাদক বিজন সিকদার এবং শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মনিক হাওলাদারসহ অন্যরা। এর আগে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ শেষে দাবি সংবলিত একটি স্মারকলিপি ই-মেইলে জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।