সুনামগঞ্জে ঝড়ে ভেঙে পড়ল বিদ্যুতের ১১ খুঁটি

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২১:৫৬

যান চলাচল বন্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বড়ঘাটে পল্লী বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন ৩৩ কেভি সঞ্চালন লাইনের ১১টি খুঁটি কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়েছে। এ সময় সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ যাতায়াতের সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়ে স্থানীয় বাসিন্দারা। রবিবার খোঁজ নিয়ে জানা যায়, ভোররাতে কালবৈশাখী ঝড়ে নতুনভাবে বসান পল্লী বিদ্যুত্ ৩৩ কেভি লাইনের ১১টি খুঁটি ভেঙে  রাস্তায় ওপর পড়ে। বড়ঘাট এলাকার বাসিন্দা আমিনুল হক জানান, পল্লী বিদ্যুত্ বোর্ডের কাজের গাফিলতির কারণে তাদের নির্মাণাধীন ১১টি খুঁটি ভেঙে রাস্তায় পড়েছে। ভোররাতে সড়কে যানবাহন না থাকায় জানমালের ক্ষতি এড়ানো গেছে। জগাইর গ্রামের বাসিন্দা রফিক মিয়া জানান, রাস্তার এক পাশে অনেক বাড়িঘর আরেক পাশে হাওর। যদি খুঁটিগুলো ভেঙে বাড়ির ওপর পড়ত তাহলে বেঁচে থাকতাম কি না জানি না। বড়ঘাট গ্রামের বাসিন্দা মিজান মিয়া জানান, কালবৈশাখী ঝড়ে নিমার্ণাধীন খুঁটিগুলো ভেঙে পড়েছে, তার মানে খুঁটি নির্মাণের কাজে গাফিলতি আছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে তিনি জানান। সুনামগঞ্জের পল্লী বিদ্যুত্ বোর্ডের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন ভুঁইয়া জানান, সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কে ৩৩ কেভি নতুন বিদ্যুত্ লাইনের কাজ চলছিল। গতকাল রাতে কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন ১১টি খুঁটি ভেঙে রাস্তায় পড়ে গেছে। তবে কারো কোনো ক্ষতি হয়নি। বর্তমানে ঐ সড়ক দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে। আমরা আজকের মধ্যে রাস্তা থেকে সব খুঁটি তুলে দিব।