কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণে দ্রুত অ্যাক্রিডিটেড ল্যাব চালু করা হবে :কৃষিমন্ত্রী

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

কৃষিপণ্য রপ্তানিকে আরো ত্বরান্বিত ও ফলপ্রসূ করতে যেসব বাধা ও সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে সমাধান করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, মান নিয়ন্ত্রণের জন্য অ্যাক্রিডিটেড ল্যাব দ্রুত চালু করা হবে। তবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উত্পাদিত কৃষিপণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে। গতকাল রবিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষ থেকে অনলাইনে ‘শাকসবজি ও ফল রপ্তানিকারকদের’ সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, কৃষির প্রক্রিয়াজাতকরণ ও বাণিজ্যিকীকরণ করে কৃষিকে লাভজনক করাই আমাদের লক্ষ্য। এজন্য কৃষিপণ্যের রপ্তানি আরো বাড়াতে হবে। ড. রাজ্জাক বলেন, প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন ও উদ্যোক্তাদের আরো কীভাবে সহায়তা দেওয়া যায়, সেটা আমরা চিন্তা করছি। উত্পাদিত কৃষিপণ্য দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে কীভাবে যেতে পারে, সরকার এর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সেজন্য, যারা রপ্তানির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং মানোন্নয়নে কাজ করছে, তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। কৃষিমন্ত্রী বলেন, কৃষি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন শিল্পের কাঁচামালেরও জোগান দিয়ে থাকে। এই কাঁচামালের জোগান দিয়ে আমরা যে প্রক্রিয়াজাত পণ্য পাচ্ছি, সেটা বিদেশে রপ্তানিরও অনেক সম্ভাবনা রয়েছে।

সভায় বক্তারা কৃষিপণ্য রপ্তানিতে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. ইউসুফ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের পরিচালক মোহম্মদ আনোয়ার হোসেনসহ এসিআই, প্রাণ-আরএফএল এবং সবজি ও ফল রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য রাখেন।