করোনায়ও জমজমাট আইপিএল জুয়া

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০০:৩৬

করোনার মধ্যেও থেমে নেই জুয়া। ভারতের জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে এই জুয়া এখন জমজমাট। প্রতি বলে, প্রতি ওভারে এমনকি দলের জয়-পরাজয় নিয়েও এই জুয়া চলছে। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন এলাকার অলিতে-গলিতেও এই জুয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির মধ্যেও একইভাবে জুয়া চলে। এই জুয়াড়িদের খপ্পরে পড়ে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত অনেকেই সর্বস্বান্ত হয়েছে। বিশেষ করে রাজধানীর সেলুনগুলোতে সন্ধ্যার পর আইপিএল শুরু হলে প্রতিদিন বসে জমজমাট জুয়ার আসর। গত শনিবার রাতে টেলিভিশনে খেলা দেখার মধ্যে বাজি ধরার সময় হাতেনাতে ১৫ জনকে গ্রেফতার করে র্যাব। কেরানীগঞ্জ মডেল থানার মধ্য চরাইল এলাকায় এই অভিযানে গ্রেফতারকৃতরা হলো—মো. সনি মিয়া, মো. রিয়াজ, মো. সেলিম, মো. লুত্ফর, মো. মামুনুর রশিদ, মো. কাউসার, মো. হানিফ বয়াতি, মো. জুয়েল, মো. নজরুল ইসলাম, মো. রাসেল, মো. সোলায়মান হাওলাদার, মো. রমজান আলী ওরফে রবিউল, মো. নাঈমুল গাজী, মো. শাকিল হাওলাদার ও মো. ডায়মন্ড। এ সময় তাদের কাছ থেকে একটি টেলিভিশন, একটি রিমোট কন্ট্রোল, ১৩টি মোবাইল ফোনসেট ও নগদ ৯ হাজার ২০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পেশাদার অনলাইন জুয়াড়ি। বেশ কিছুদিন ধরে একে অন্যের সঙ্গে আইপিএল খেলার প্রতি বল ও ওভার নিয়ে টাকা দিয়ে জুয়া খেলে।

আইপিএল চলাকালে ভারতে, বিশেষ করে কলকাতায় এই জুয়ার আসর চলে। আইপিএলের জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পর থেকেই বহুগুণে বেড়েছে জুয়ার আসর। ফ্রাঞ্চাইজি-ভিত্তিক এই টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের পরতে পরতে থাকে উত্তেজনা। সেই উত্তেজনা কাজে লাগাচ্ছে বিপথগামী কিছু মানুষ। তারা প্রতি বলে বলে, কেউ আবার ওভারে ওভারে, কেউ ম্যাচের রেজাল্ট নিয়ে, কেউ আবার পছন্দের তারকার রান আর উইকেট শিকারের ভবিষ্যদ্বাণী করে জুয়ায় মত্ত হয়। সেই আঁচ এসে পড়েছে বাংলাদেশেও। বাংলাদেশেও এই জুয়ার বাজার কয়েক কোটি ছাড়িয়েছে এমনটাই ধারণা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।