নারায়ণগঞ্জে হেফাজতের তাণ্ডবে ১৭ মামলায় গ্রেফতার ৫৩

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০০:৪০

নারায়ণগঞ্জে হেফাজতের ডাকা হরতাল ও মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখায় হামলা, ভাঙচুর, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের ঘটনায় ১৭ মামলায় আরো ১৩ জনসহ মোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এর আগে শনিবার (১০ এপ্রিল) পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছিলো। দুই ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় পুলিশ, র‌্যাব, সাংবাদিক, ছাত্রলীগ, যুবলীগ, পরিবহন মালিকরা বাদি হয়ে মামলা করেছেন। এসব মামলায় রবিবার (১১ এপ্রিল) বিকেল পর্যন্ত ৫৩ জনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। 

তিনি বলেন, বিভিন্ন থানা থেকে এ সকল আসামিদের ফেসবুকের পোস্ট, ভিডিও ফুটেজ ছাড়াও তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। এসব মামলায় অন্য আসামিদেরও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের মধ্যে বিএনপি, জামায়াত, হেফাজতের নেতা-কর্মীরা রয়েছেন বলেও জানান তিনি। 

গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, যানবাহনে ভাঙচুর, সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় র‌্যাব ও পুলিশ বাদি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে সরকারি কাজে বাধা দেওয়াসহ নানা অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় ৬টি মামলা করে। হরতালের দিন ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকদের আরো তিনটি মামলা ওই থানায় রুজু করা হয়। এইসব মামলায় এজাহারনামী ছাড়াও কয়েক হাজার অজ্ঞাত আসামি করা হয়। 

এদিকে ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে উপজেলার মোগরাপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, ওই রিসোর্ট ও আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। স্থানীয় এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে ফেসবুক লাইভে এসে নির্যাতনের মুখে মামুনুল হকের কাছে ক্ষমা চাওয়াতে বাধ্য করার ঘটনাও ঘটে। 

এইসব ঘটনায় সোনারগাঁও থানায় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, সাংবাদিক পৃথক আটটি মামলা দায়ের করে। সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় দায়ের করা এই ১৭ মামলার কয়েকটিতে হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে প্রধান আসামি করে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, হেফাজতের আরো কয়েকশ’ নেতা-কর্মীর নাম উল্লেখসহ কয়েক হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ইত্তেফাক/এসজেড