আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:১৬

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল সোমবার বিকালে জিরাবো এলাকায় বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়ক অবরোধ করে কারখানার সামনে অবস্থান নেয় সিলভার গ্যালারি নামের পোশাক কারখানার শতাধিক শ্রমিক।

জানা গেছে, গত মার্চ মাসের ২৪ তারিখে হঠাত্ কারখানা কর্তৃপক্ষ মৌখিকভাবে ঘোষণা দেয় কারখানাটি আশুলিয়ার জিরাবো এলাকার অন্য একটি কারখানায় স্থানান্তর করা হবে।  এ সময় শ্রমিকরা আন্দোলন করলে দুই মাসের বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় আন্দোলনের পর শ্রমিক, শিল্প পুলিশ ও শ্রমিক নেতাদের অংশগ্রহণে কারখানা কর্তৃপক্ষ গত ১ এপ্রিল সমঝোতায় আসেন।  গতকাল শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ দেয়নি। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নেয়। পরে কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে সন্ধ্যা ৭টার দিকে সড়ক থেকে সরিয়ে দেয়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারো বক্তব্য পাওয়া যায়নি।