‘শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ মানবিক দেশ হিসেবে স্বীকৃত’

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:১৬

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ মানবিক দেশ হিসেবে স্বীকৃত। প্রধানমন্ত্রী মানবতার জননী হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। করোনাকালে বিশ্বের শক্তিধর দেশগুলো যখন নাস্তানাবুদ, তখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকা সচল আছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের কবল থেকে বাঁচতে আমাদের সচেতন হওয়ার বিকল্প নেই। একমাত্র সচেতনতাই পারে করোনা থেকে রক্ষা করতে। এ জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর করোনার কারণে যারা কর্মহীন বা অসহায় তাদের পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

গতকাল মিরপুর-১০ নম্বর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন এ ব্লকে ৫০০ পরিবারকে পবিত্র মাহে রমজানের জন্য ইফতারসামগ্রী এবং উপহার ও ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বেসরকারি সংস্থা ওয়েস্ট হেল্থ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লাহ। ওয়েস্ট হেল্থ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান দেলওয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ কুদরত উল্লাহ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক উপস্থিত ছিলেন।