সুপ্রিম কোর্ট বারের দায়িত্ব হস্তান্তর নবনির্বাচিত কমিটির কাছে

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:১৭

ইত্তেফাক রিপোর্ট

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সমিতির শহিদ সফিউর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বারের বিদায়ি সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ অনেক আইনজীবী ভার্চুয়ালি যোগ দেন। তবে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন থাকায় নবনির্বাচিত সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু অংশ নিতে পারেননি।

সভায় বিভিন্ন প্রতিবেদন উপস্থাপনের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি এএফএম আব্দুর রহমান বিজীয়দের নাম ঘোষণা করেন। এরপর বিদায়ি কমিটি নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

চলতি বছরের ১০ ও ১১ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২০২১-২০২২ সেশনের এ নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি পদসহ ৮টি পদে জয়ী হয়েছে সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা)। অপরদিকে সম্পাদকসহ বাকি ছয়টি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল)। সভাপতি পদে সমন্বয় পরিষদের আবদুল মতিন খসরু নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে ঐক্য প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হন।