সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর থানার সংলগ্ন মিলনমোড় এলাকায় রবিবার রাতে সুদের পাওনা টাকা নিয়ে সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে পাঁচ জন আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সজীব ও মিলনকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিন জন সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। রাত ১০টার দিকে শহরের ভাঙ্গাবাড়ি মহল্লার মিলনমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, খান সাহেবের মাঠ এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে শোভন ভাঙ্গাবাড়ি মিলনমোড় এলাকার আলম হোসেনের ছেলে মিলনকে ৩ হাজার টাকা সুদের উপরে ধার দেন। মিলন ১ হাজার ৬০০ টাকা পরিশোধ করলেও বাকি ১ হাজার ৪০০ টাকা দিতে বিলম্ব হচ্ছিল। এর জেরেই কথা কাটাকাটির এক পর্যায়ে শোভন এই ঘটনা ঘটায়। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার জানান, ঘটনা তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।
