স্পোর্টস রিপোর্টার
করোনার দুনিয়াতে কোনো কিছুই ঠিকঠাক থাকার সুযোগ নেই। সবকিছুই লন্ডভন্ড হয়ে যাচ্ছে। কোনো পরিকল্পনা স্থির থাকছে না। আবাহনী চেয়েছিল এএফসি কাপ প্লেঅফের প্রথম ম্যাচটা ঢাকায় খেলবে না। তার পরও সেটি হবে বলে এএফসি জানিয়েছিল। ১৪ এপ্রিল ম্যাচটি ঢাকায় হওয়ার কথা ছিল। ঘোষনা না দিতেই বাংলাদেশের লকডাউনের কারনে ১৪ এপ্রিলের ম্যাচটি ২১ এপ্রিল হবে এমন একটা সম্ভাবনা নিয়ে চিঠি চালাচালি চলছিল। এবার সেটিও বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে নতুন করে লকডাউন ঘোষণা দেয়ার কারনে। আগামী ১৪ হতে ২১ এপ্রিল পর্যন্ত নতুন করে লকডাউন ঘোষণায় ২১ এপ্রিল আবাহনীর ম্যাচটি নেপালে হবে কিনা তার নিশ্চয়তা নেই। কারণ সরকার বিমান যোগাযোগও বন্ধ ঘোষণা করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ হতে যে প্রজ্ঞাপনটি জারী করা হয়েছে সেখানে উল্লেখ আছে করোনা ভাইরাস পরিস্থিতি অবনতির কারনে ১৪ এপ্রিল ভোর ৬টা হতে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বিধি নিষেধ আরোপ করা হলো। যেখানে গ শাখায় আভ্যন্তরীন এবং আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। এই বিধিনিষেধ বহাল থাকলে বিদেশের মাটিতে গিয়ে এএফসি কাপের গ্রুপ পর্বের প্লেঅফ-১ ম্যাচ খেলা আবাহনীর জন্য সম্ভব হবে না।
বাফুফেও বিষয়টি নিয়ে চিন্তিত। সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন,‘আমরা এএফসির সঙ্গে কথা বলব। তারা কি সিদ্ধান্ত জানায় সেটি দেখব। এখন তো দুনিয়া জুড়েই একই পরিস্থিতি। কারো জন্য আলাদা কিছু হচ্ছে, তা তো নয়। দেখি আমরা এএফসির সঙ্গে যোগাযোগ করব।’ আবাহনীর বিপক্ষে মালদ্বীপের ঈগলস ক্লাবের ম্যাচ হওয়ার কথা ছিল। এই ম্যাচটি জিতলে আরো একটি প্লেঅফ ম্যাচ খেলার কথা রয়েছে।
