সোমবার দুপুরে বাঘার একটি জলাশয় থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম আসকান আলী(৪৫)। তিনি বাঘা উপজেলার বানিয়াপাড়া গ্রামের আরজান আলীর পুত্র।
পুলিশ জানায়, সোমবার দুপুরে খবর পেয়ে ক্ষুদে ছয়ঘটি এলাকার একটি নিচু জমির ডোবায় একটি লাশ দেখা যায়। লাশ তোলার পর পকেটে ঢাকার গাজীপুরের এলিগেন্স ওরিয়েন্টাল কোম্পানির একটি পরিচয় পত্র পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী সাহাদত হোসেন জানান, ‘স্যালো মেশিন দিয়ে ডোবার পানি ছাঁকতে এসে ওই লাশটি দেখতে পাই। এরপর মাঠে থাকা অন্যদের ডাকলে তারা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করলে লাশের পূর্ণ পরিচয় মেলে।’
মৃত আসকান আলীর স্ত্রীর বড় ভাই আব্দুল কাদের জানান, ‘কাজে যোগ দিতে ঘটনার ১০ দিন আগে তিনি ঢাকার গাজীপুর এলাকার রাজেন্দ্রপুর এলিগেন্স ওরিয়েন্টাল কোম্পানিতে যান। সেখান থেকে ঘটনার তিন দিন পূর্বে তিনি বোন এবং মেয়ে সাবিনাকে মোবাইল ফোনে জানান বর্তমানে ওই কোম্পানি বন্ধ। তিনি অন্য কোম্পানিতে চাকরি খুঁজছেন।’
এ দিকে সোমবার দুপুরে আসকান আলীর লাশ পাওয়ার পর তার পরিবার ও আত্মীয় স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে।
আরো পড়ুন: টাকার দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীসহ গ্রেপ্তার ২
বাঘা থানার অফিসার ইনচার্জ মহাসীন আলী বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। প্রাথমিক অবস্থায় লাশের শরীরে কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে।’
ইত্তেফাক/অনি/নূহু
