গতকাল সোমবার সন্ধ্যায় করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন মেডিক্যাল বোর্ড। গুলশানে তার বাসভবন ‘ফিরোজা’য় স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিত্সক দলের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, করোনায় আক্রান্ত বেগম খালেদা জিয়া ভালো আছেন, তার শারীরিক অবস্থাও স্থিতিশীল আছে। স্বাভাবিক আছেন। এখন পর্যন্ত করোনায় তার শারীরিক কোনো জটিলতা দেখা যায়নি। উনার কোনো টেম্পারেচার নেই, খাওয়ার রুচি ঠিক আছে, ঘ্রাণ পাচ্ছেন। এমনকি স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয়নি। বেগম জিয়া বলছিলেন যে, আমার বাসার অন্যরা যদি পজিটিভ না হতো এবং আমার টেস্ট করা না হতো, আমি তো জানতামই না। খালেদা জিয়া দেশের সবার কাছে তার সুস্থতার জন্য মহান আল্লার দরবারে দোয়া করার অনুরোধ জানিয়েছেন এবং বলেছেন সবাই যেন সাবধানে থাকে, স্বাস্থবিধি মেনে চলে। খালেদা জিয়ার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন জানতে চাইলে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডামের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আজ পর্যন্ত যথেষ্ট ভালো আছে, এভাবে এক সপ্তাহ গেলে বলা যাবে উনার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত। ৪৮ ঘণ্টা পর পর খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন চিকিত্সক দলের প্রধান। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার সময় বিদেশ থেকে কোনো চিকিত্সক ভার্চুয়ালি যুক্ত ছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে যুক্তরাজ্য থেকে চিকিত্সক যুক্ত ছিলেন। এ ছাড়া বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও যুক্ত ছিলেন। তিনি সবকিছু তদারকি করছেন। বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হবে কি না জানতে চাইলে অধ্যাপক ডিন এফ এম সিদ্দিকী বলেন, এখন পর্যন্ত তাকে বাসায় রেখে চিকিত্সা দেওয়ার সিদ্ধান্ত। ১
