নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই জন, এক জনের মৃত্যু

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০০:১৬

নারায়ণগঞ্জে একটি আবাসিক ভবনের আটতলায় রান্নাঘরে গ্যাস জমে বিস্ফোরণে দগ্ধ দুই জনের মধ্যে এক জন মারা গেছেন। গতকাল সোমবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় বাড়ির নিরাপত্তারক্ষী উজ্জল (৪০) এর মৃত্যু হয়। অপরজন মানিক মিয়া বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

বিস্ফোরণের পর তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। গত রবিবার রাত সাড়ে ১১টায় শহরের চাষাঢ়ায় প্রেসিডেন্ট রোডে জি এম গার্ডেন নামের একটি ভবনে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এক জনের মৃত্যুর ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঐ ভবনের নিরাপত্তারক্ষী মোহাম্মদ আলী জানান, আটতলার গ্যাসের লাইনে সমস্যা ছিল। এজন্য মিস্ত্রি এসে সেটা মেরামত করে। একপর্যায়ে দুই নিরাপত্তারক্ষী নিচে নেমে যান। তখন রান্নাঘরের দরজা-জানালা বন্ধ ছিল। পরে আবার দুই জন সিগারেট হাতে ওপরে উঠে রুমে প্রবেশের সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।